ঢাকা-১০ আসনের নির্বাচনী প্রচারণায় করোনার প্রভাব

আপডেট : ১০ মার্চ ২০২০, ১০:১৪ পিএম

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি তার প্রচার স্বল্পপরিসরে করেছেন।

মঙ্গলবার সকালে তিনি রুটিন গণসংযোগ করেন। পরে বিকেল ৪টার দিকে ঝিগাতলায় গণসংযোগ করেন।

এতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির পরাজিত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ অংশ নেন। নির্বাচনী প্রচার হলেও এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও তার মুক্তি চেয়ে সেস্নাগান দেন নেতাকর্মীরা।

গণসংযোগে শেখ রবিউল আলম হুঁশিয়ারি দেন– ‘নির্বাচনে আওয়ামী লীগ অপকৌশল নিলে রাজনৈতিকভাবে তাদের চরম মূল্য দিতে হবে। জনগণ জেগে উঠেছে, গণরায়কে আর ডাকাতি করা যাবে না।’

এ সময় ইশরাক হোসেন বলেন, ‘এদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই। ইসিতে সরকারের কতিপয় চাটুকার বসে আছেন। এদের মধ্যে একজন কমিশনার মাঝেমধ্যে সাহসী কথা বললেও তা সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত