জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করা হয়েছে। এতে কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে নিয়োগ করা হয়।
বুধবার কেন্দ্রের রেক্টর ও সরকারের সচিব মো. রকিব হোসেন এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সেলিনা হোসেন আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষকে সামনে রেখে বিপিএটিসি কর্তৃক মেগা প্রকল্প-২০ তলা একাডেমিক-প্রশাসনিক ভবন নির্মাণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক পাঠ্যক্রমে অন্তভু©ক্তকরণ, বঙ্গবন্ধু চেয়ার স্থাপনসহ নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনকে ১ মার্চ ২০২০ থেকে ৩০ জুন ২০২১ মেয়াদে বঙ্গবন্ধু চেয়ার নিয়োগ দেওয়া হয়।
দায়িত্বের অংশ হিসেবে ওই সময়ের মধ্যে নবনিযুক্ত ‘বঙ্গবন্ধু চেয়ার’ বেশ কয়েকটি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিপিএটিসি অনুষদ সদস্যদের বঙ্গবন্ধুবিষয়ক গবেষণাকর্মে উপদেশনা প্রদান, ১২ মাসে ১২টি বঙ্গবন্ধুবিষয়ক সেমিনার আয়োজনে নির্দেশনা দান, ‘বঙ্গবন্ধু স্মারক বক্তব্য’ প্রদান, প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়নে বঙ্গবন্ধুর জীবন দর্শন অন্তর্ভূক্তকরণ ইত্যাদি।
