শচীন-লারাদের বাকি ম্যাচগুলো হবে দর্শকহীন মাঠে

আপডেট : ১২ মার্চ ২০২০, ০১:৩১ পিএম

নিরাপদ সড়কের নিশ্চিতে তহবিল গঠনে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, হার্শেল গিবস, জন্টি রোডস, মারভান আতাপাত্তু, তিলকারত্নে দিলশান, ব্র্যাড হাডিনের মতো তারকাদের অংশগ্রহণে ভারতে অনুষ্ঠিত হচ্ছে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’। কিন্তু ভক্তদের জন্য দুঃবাদ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই সিরিজের বাকি ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে।

আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত পাঁচটি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। দলগুলো হলো-ইন্ডিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিডেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। টুর্নামেন্টে ফাইনালসহ হবে এগারোটি ম্যাচ।

এরই মধ্যে অনুষ্ঠিত চারটি ম্যাচে গ্যালারিতে দর্শক থাকলেও পরবর্তী ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই এ সিদ্ধান্ত।

‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ এর পরবর্তী ম্যাচ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, শ্রীলঙ্কা লিজেন্ডস ও দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস মধ্যকার। মহারাষ্ট্রে এরই মধ্যে করোনাভাইরাসের আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সিরিজের আয়োজকরা।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। এই আতঙ্কের মধ্যে ২৯ মার্চ মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল’র ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। ভারতের নাগরিকদের ওপর ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার।

তাছাড়া বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও করোনাভাইরাসকে মহামারী পর্যায়ের উল্লেখ করে। এসবের মাঝে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ এর বাকি ম্যাচগুলো দর্শকহীন মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত