করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে দেশটির সকল ক্রীড়া সূচি আপাতত স্থগিতের কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। তবে শীঘ্রই এ ঘোষণা নাও আসতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিবিসি’র খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য জুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫৯৬ জন; নিহত ১০।
করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে খেলাধুলার সূচি আপাতত স্থগিতের ইঙ্গিত দিয়ে বরিস জনসন বলেন, “খেলাধুলার মতো জনসমাগম হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধের কথা ভাবছি আমরা।”
“বিজ্ঞানভিত্তিক পরামর্শ হলো, করোনাভাইরাস ছড়ানোর ক্ষেত্রে এটার (জনসমাগম) সামান্যই প্রভাব আছে। কিন্তু এটা অন্যান্য সরকারি সেবায় চাপ তৈরি করে।”
“আমাদের এগুতে হয় বিজ্ঞান অনুযায়ী। তবে এই ধরনের ইভেন্ট নিষিদ্ধ করার এখন পর্যন্ত ডাক্তারি কোনো কারণ নেই।”
“আমরা এই ধরনের পরিকল্পনাকে একেবারে না বলছি না। এসব আমরা ভাবনায় রাখছি। তবে যথাসময়ে আমাদের পদক্ষেপ আরও বাড়ানো খুব গুরুত্বপূর্ণ।”
যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভালেন্স জানিয়েছেন, করোনার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে খেলাধুলার মতো ইভেন্ট বন্ধ করে দেওয়া বড় কোনো উপায় নয়।
