সারা বিশ্ব করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে। এরই মাঝে সোয়াইন ফ্লুর দাপট বাড়ছে কলকাতায়।
আনন্দবাজার পত্রিকা জানায়, এইচওয়ানএনওয়ানে (ওই রোগের ভাইরাস) আক্রান্ত ১২ জন কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
মেটিয়াবুরুজের দুটি পরিবারের ছয়জন ভর্তি হয়েছেন বেলভিউ হাসপাতালে। বুধবার একই পরিবারের দু’জন পুরুষ এবং এক নারী ভর্তি হন। পরের দিন একই পরিবারের বাবা, মা ও সন্তান জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক অমিতাভ নন্দীর কাছে আসেন। তাদের নমুনা পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লু ধরা পড়ে।
প্রতিবেদনে বলা হয়, বেলেঘাটা আইডি হাসপাতালে ওই রোগে আক্রান্ত দুজনের চিকিৎসা চলছে। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে একজন এবং মুকুন্দপুর আমরিতে ভর্তি আছেন তিনজন।
আমরি সূত্রের খবর, তিনজনের মধ্যে একজন নার্স। মণিপুরের ওই বাসিন্দা মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। ওই দিন হুগলির ১০ বছরের একটি শিশুও ভর্তি হয়। ওডিশার দুই বছরের একটি শিশুর চিকিৎসা চলছে ৫ মার্চ থেকে।
আমরি-কর্তৃপক্ষ জানান, ওই তিনজন ছাড়াও গত এক সপ্তাহে বহির্বিভাগে আসা আরও ১০ জনের সোয়াইন ফ্লু পজিটিভ ধরা পড়েছে।
