কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় মুদি দোকানি নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০২:১১ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রিপন মিয়া (৩৮) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রিপন উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।

জল্লি ৯ নং ওয়ার্ড মেম্বার শিক্কা মিয়া জানান, জল্লি গ্রামের প্রতিবেশী মুন্নাফের ছেলেদের সঙ্গে রিপনের বিবাদ হয় গত প্রায় এক মাস পূর্বে। পরে বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।

গত শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির অদূরে মহসিনের ফিশারির সামনে রিপনের ওপর এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ পাঠালে রাতেই তার মৃত্যু হয়।

রিপন সকালে পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের ভুট্টেরগাতি বাজারে গরু কিনতে গিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। সেখান থেকে ফেরার পথে মহসিনের ফিশারির সামনে দেশীয় অস্ত্র নিয়ে রিপনের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এলোপাতাড়ি কুপিয়ে ফিশারিতে ফেলে দেয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং কাউকে আটক করা যায়নি। নিহতের লাশ ময়মনসিংহ হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত