ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার নিজ দেশের ক্রিকেট বোর্ডের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন! মুম্বাই মিরর তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। মুম্বাই মিররের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশ হয়েছে।
করোনাভাইরাসের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ স্থগিত হয়েছে। তবে বৃহস্পতিবার প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি সেই ম্যাচ হতে দেয়নি। ধর্মশালায় সেদিন ধারাভাষ্য দিতে বিসিসিআইয়ের অন্য তিন প্যানেল ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার, মুরালি কার্তিক, লক্ষণ শ্রীবরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। কিন্তু মাঞ্জরেকার ছিলেন না।
মাঞ্জরেকার একই সঙ্গে আইসিসির প্যানেল ধারাভাষ্যকার। তবে বিসিসিআই থেকে তিনি বাদ পড়তে যাচ্ছেন বলেই খবর। বিসিসিআইয়ের একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছে, মাঞ্জরেকার আইপিএল প্যানেল থেকেও বাদ পড়তে পারেন। বিসিসিআই মাঞ্জরেকারের কাজে খুব বেশি খুশি নয় বলেই জানিয়েছে সেই সূত্র।
১৯৯৬ সালে ক্রিকেটকে বিদায় বলার পর মাঞ্জরেকার ধারাভাষ্য শুরু করেন। ধারাভাষ্যকার হিসেবে দারুণ জনপ্রিয় হলেও সম্প্রতি বেশ ক’বার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশেষ করে ইংল্যান্ড বিশ্বকাপের সময় রবীন্দ্র জাদেজার সঙ্গে তার টুইটারে তার বেশ ঠোকাঠুকিই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে আরেক ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে হেয় করে কথা বলেছিলেন মাঞ্জরেকার।
