চুরি যাওয়া সাড়ে ৬৩ লাখ উদ্ধার

সিইপিজেডের স্টোরকিপার ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৩:৫৪ এএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতনের ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা চুরি করে ঢাকায় আত্মগোপন করা সহকারী স্টোরকিপার তুষার মাহমুদ রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করা হয়।

রাসেল সিইপিজেডের জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিমিটেডে দেড় বছর নিরাপত্তাপ্রধান হিসেবে চাকরি করেন। পাঁচ মাস আগে তাকে সহকারী স্টোরকিপার নিয়োগ দেওয়া হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তফাজ্জল হোসেন গত বুধবার মোট ৬৫ লাখ টাকা অফিসের ভল্টে রাখেন। বৃহস্পতিবার সকালে রাসেল ভল্ট ভেঙে টাকাগুলো চুরি করে পালিয়ে যান।

এ ঘটনায় ইপিজেড থানায় মামলা করে কর্র্তৃপক্ষ। অফিসের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে রাসেলকে শনাক্ত করা হয়। পরে প্রযুক্তির সাহায্যে ঢাকা থেকে টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত