রোনালদিনহোর বিপদে এগিয়ে এলেন বন্ধু মেসি

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৪:০৯ এএম

সত্যিকারের বন্ধুত্ব কখনই মরে না। এই প্রবাদের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার কিংবদন্তি বার্সেলোনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদিনহোর ছায়ায়। এখন রোনালদিনহো অবসরে। সম্প্রতি দুঃসময় জেঁকে ধরেছে এই ব্রাজিলিয়ানকে। নকল পাসপোর্ট মামলায় অভিযুক্ত হয়ে প্যারাগুয়ের জেলে বন্দি তিনি। বন্ধুর এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন মেসি। সাবেক ব্রাজিল তারকার হয়ে লড়ার জন্য চারজন সেরা উকিল নিয়োগ দিচ্ছেন মেসি নিজে। এর জন্য মোট ৪ মিলিয়ন ডলার (৪০ লাখ টাকা) নিজের পকেট থেকে খরচ হতে পারে মেসির। তবুও রোনালদিনহোকে বিপদমুক্ত করতে এগিয়ে এলেন ছয়বারের বর্ষসেরা তারকা।

৯০ মিনিট নামক একটি ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছে এমনটা। তারা নিজেদের এই সংবাদে টুইটারের একটি লিঙ্ক শেয়ার করে। তাতে ফ্লেক্সিওয়েপ মিডিয়া নামক একটি পেজ থেকে রোনালদিনহোর জন্য মেসির অর্থব্যয়ের বিষয়টি জানানো হয়। তাতে লেখা ছিল, ‘সম্মান!! রোনালদিনহোকে জেলমুক্ত করতে মেসি কয়েকজন উকিল নিয়োগ দিয়েছেন এবং ৪ মিলিয়ন ডলার খরচ করতে যাচ্ছেন, যা প্যারাগুয়ান অঙ্কে প্রায় ১ কোটি ৬০ লাখ।’ পরে ওই টুইটের নিচে মেসি-রোনালদিনহোর বার্সেলোনায় একসঙ্গে খেলার সময়কার হাস্যোজ্জ্বল ছবিও দেওয়া হয়েছে। তাতে ব্রাজিল তারকার পিঠে চড়েছিলেন তরুণ মেসি।

ব্রাজিল সরকারের অনুমতি ছাড়াই সমুদ্রতীর ঘেঁষে বাগানবাড়ি তৈরি করতে গিয়ে দুই বছর আগে ধরা পড়েন রোনালদিনহো। পরিবেশ নষ্টের অভিযোগে তাকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়। কিন্তু ওই সময় সরকার রোনালদিনহোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গিয়ে দেখে তাতে কোনো অর্থই নেই। পরে ব্রাজিল তারকার পাসপোর্ট জব্দ করা হয়। সেই থেকে দেশের বাইরে যেতে পারছেন না ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। সম্প্রতি প্যারাগুয়ের এক ক্যাসিনো মালিকের আমন্ত্রণে দেশটিতে জাল পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন রোনালদিনহো। ধরা পড়ে যাওয়ায় এখন জেল খাটতে হচ্ছে এককালের বর্ষসেরা তারকাকে। তবে বিশেষ ব্যক্তি হওয়ায় তাকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়নি। বিশেষ সেলে অন্যদের সঙ্গে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ২৫ প্যারাগুয়ান পুলিশ, দেশটির চারজন রাজনীতিবিদ, প্যারাগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও একজন সহকারী পরিচালকের সঙ্গে আছেন রোনালদিনহো।

কারাগারে সময়টা ফুটবলের মধ্যেই কাটছে রোনালদিনহোর। প্রতি বছর এই সেলের কয়েদিরা দুটি ফুটসাল টুর্নামেন্ট খেলেন। একটি টুর্নামেন্টের সময় এখন। সেই টুর্নামেন্ট ও কয়েদিদের জন্য পোয়াবারো রোনালদিনহোকে পাওয়া। ‘রোনি’ থাকবেন আর ফুটবল খেলবেন না তা কী করে হয়! তাই এক দলের হয়ে ফুটসালে নেমে গেলেন রোনালদিনহো আর দলকে চ্যাম্পিয়নও করলেন। শুক্রবার ওই টুর্নামেন্টে রোনালদিনহোকে কোন দলে নেওয়া হবে এ নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছিল। পরে লটারিতে এক দল পেয়েছে ব্রাজিল কিংবদন্তিকে। ফাইনালে সেই দলকেই ১১-২ গোলে জিতিয়েছেন রোনালদিনহো। নিজে করেছেন ৫ গোল আর অ্যাসিস্ট ৬টি।

জেলে ভালো সময় কাটলেও জেলের বাইরে রোনালদিনহোর সময়টা একেবারেই বাজে। কারণ শুক্রবার তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে প্যারাগুয়ান আদালত। রোনালদিনহোর ভাইয়ের উকিল তাদের দুজনের হয়ে মঙ্গলবার জামিন আবেদন করেছিলেন। যেন আদালতে দুজনকে নেওয়ার আগেই জামিন দেওয়া হয়। কিন্তু সেটা নাকচ করেছেন আদালতের বিচারক। সম্প্রতি জাল পাসপোর্ট নিয়ে দেশটিতে মোট ১৬ জন ধরা পড়ায় ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখছে প্যারাগুয়ান আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত