নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতিতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১১ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী রবিবার দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচরের মাঈনউদ্দিন বাজারসংলগ্ন এক বাড়ি থেকে দুটি লাইটগান ও তিনটি একনলা বন্দুক উদ্ধার করে আনোয়ার হোসেন (৫৫) ও বাবলু (৩০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এ দুই অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক র্যাব লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায়। সেখানে ওয়ার্কশপের আড়ালে এ কারখানায় দীর্ঘদিন থেকে অস্ত্র তৈরি করে সেগুলো নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলার উপকূলীয় বনদস্যু, জলদস্যু গ্রুপ ও চরাঞ্চলের সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করা হতো।
এসব অস্ত্র মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ডাকাতি, খুন, অপহরণ, চাঁদাবাজি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে র্যাব কর্মকর্তা জানান।
