ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছে গতবারের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জ। রবিবার তারুণ্য নির্ভর ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ২৫ রানে হেরেছে দলটি। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ রানের নাটকীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
ম্যাচ: ওল্ড ডিওএইচএস-লিজেন্ডস অব রূপগঞ্জ
ফল: ওল্ড ডিওএইচএস ২৫ রানে জয়ী।
সাভারের বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস জিতে ফিল্ডিং বেছে নেয় রূপগঞ্জ। ডিওএইচএস ১ ওভার বাকি থাকতেই ২৩০ রানে গুটিয়ে যায়।
দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ৫৯ ও রাকিন আহমেদ ৪৮ রান করেন। যুব বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয় ৩৫ রান করেন। রূপগঞ্জের পক্ষে ৩ উইকেট নেন সোহাগ গাজী।
২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৫ রানে থেমেছে নাঈম ইসলাম, সাব্বির রহমান, পিনাক ঘোষদের নিয়ে গড়া রূপগঞ্জের ইনিংস। পিনাক সর্বোচ্চ ৫৩ রান করেন। ৪০ রানে আসে সানজামুল ইসলামের ব্যাট থেকে। সোহাগ গাজী করেন ৩২ রান।
ডিওএইচএসের হয়ে আব্দুর রশিদ ও অভিষেক দাস নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছে অভিষেক দাস। যুব বিশ্বকাপের ফাইনালে যিনি ৩ উইকেট নিয়েছিলেন।
ম্যাচ: প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ইউনিয়ন
ফল: দোলেশ্বর ৮ রানে জয়ী।
ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে ব্যাটিং করতে নেমেছিল প্রাইম দোলেশ্বর। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৮ রান করে দলটি। জবাবে ২ বল বাকি থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।
দোলেশ্বরের হয়ে তাইবুর ৯৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন অপরাজিত ১১০ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাইবুরের এটি দ্বিতীয় শতক।
জবাব দিতে নেমে ব্রাদার্স জুনায়েদ ও তুষার ইমরানের ব্যাটে ভালোই এগোচ্ছিল। কিন্তু নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের রং। এরপরও ব্রাদার্সকে আশা দেখাচ্ছিলেন ওপেনার জুনায়েদ। দলটির সামনে শেষ তিন বলে ৯ রানের সমীকরণ ছিল একপর্যায়ে।
৯৭ রানে তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ব্রাদার্সকে পরাজয় মানতে হয়। জুনায়েদ একই সঙ্গে দলের পরাজয় ও সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপে পোড়েন। ১২৫ বলে ৪ চারে নিজের ইনিংস সাজান জুনায়েদ। তুষার ইমরান ৬৩ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫১ রান।
দোলেশ্বরের হয়ে বোলিংয়ে ঝলক দেখিয়েছেন রেজাউর রহমান। ৪ উইকেট নেন তিনি। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান তাইবুর রহমান।
মিরপুরে দিনের আরেক ম্যাচে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮১ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
