ইতালি থেকে দেশে ফেরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৪৮ জন শনিবার রাত থেকে গাজীপুর মহানগরীর পূবাইলে মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে রয়েছেন।
রবিবার বিকেলে সেখান থেকে চারজনকে ঢাকায় প্রেরণ করা হয়। অন্যরা বিকেলে ওই কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেছে।
স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে ইতালি ফেরত কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা কেন্দ্রের ভেতরে বিভিন্ন স্লোগান দেন।
তারা চিৎকার চেঁচামেচি করে। একপর্যায়ে তারা কেন্দ্রের ভেতরে বিক্ষোভ শুরু করেন।
ইতালি ফেরতরা কলাপসিবল গেইটের তালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, ইতালি ফেরত এসব ব্যক্তিদের এ কেন্দ্রে যত্নের সঙ্গে রাখা হয়েছে। তারপরও কিছু লোক নানা অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে। তারা ওই কেন্দ্রে থাকতে চাচ্ছে না। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, রবিবার বিকেলে বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
