হাসপাতালের ফেলে দেয়া মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি, আটক ২

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৯:১০ পিএম

করোনা আতঙ্কের সুযোগে হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে একটি চক্র।

বুধবার এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। তবে, পুলিশ টঙ্গীর নাসির নামের এক দুষ্কৃতকারী কালোবাজারিকে শনাক্ত করেছে। তাকে ধরতে অভিযান চলছে।

জানা যায়, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের সব কটি হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে এসব বাজারে বিক্রি করে আসছিল নাসির।

স্থানীয়রা জানান, এলাকার একটি দোকানে আয়রন করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্ত মাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। তবে মূল হোতাকে এখনো পুলিশ আটক করতে পারেনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত