সাতক্ষীরায় বিদেশ ফেরত ৮৭ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১২:৩৪ পিএম

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা সবাই বিদেশ ফেরত।

সার্বিক পরিস্থিতি নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, সাতক্ষীরায় ইতিমধ্যে বিদেশ ফেরত ৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ওপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

ভোমরা স্থলবন্দরে ভারতে যাতায়াতরত ১৭ হাজারেরও অধিক যাত্রীদের স্কিনিং করা হয়েছে। তবে কারও নমুনা পরীক্ষার প্রয়োজন পড়েনি বলে জানান সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

এদিকে, সাতক্ষীরায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল সভায় সভাপতির বক্তব্যে সার্বিক পরিস্থিতি ব্রিফ করেন সেখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত