ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ক্লাবটি লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে তাদের মিলিনিয়াম হোটেলে স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য প্রস্তাব দিয়েছে।
স্বাস্থ্যকর্মীদের থাকার সব খরচ বহন করবেন বলে জানিয়েছেন চেলসি’র সত্ত্বাধিকারী ধনকুবের রোমান ইব্রামোভিচ। প্রয়োজনে নিজেদের হোটেলের সব রুম ছেড়ে দেওয়া হবে বলে জানান রুশ-ইসরাইলি এই ব্যবসায়ী।
এ ব্যাপারে চেলসি এক বিবৃতিতে বলেছে, “অনেক স্বাস্থ্যকর্মীর দীর্ঘ সময় ধরে কাজ করছে। তারা হয়তো বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছে না, কিংবা অনেক দূরে থাকতে হয়। এই স্থানীয় আবাসন ব্যবস্থা তাদের সুস্বাস্থ্যের জন্য ভালো হবে। এই সঙ্কটময় সময়ে এসব ব্যক্তিদের জন্য এই সহায়তা মঙ্গলজনক হবে।”
“উত্তর-পশ্চিম লন্ডনের হাসপাতালগুলোতে চিকিৎসার সঙ্গে যুক্ত ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের বিভিন্ন জেলাতেও যেতে হতে পারে। এই পরিস্থিতিতে আগামী দু’মাসের জন্য তাদেরকে আমাদের হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যেতে বসেছে বিশ্ব। ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। থেমে গেছে বিশ্ব ক্রীড়াসূচি।
সংবাদমাধ্যমে খবর অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার ৭০০। যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।
