করোনা ইস্যুতে সতর্ককতামূলক মরক্কোর সব মসজিদ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সংক্রমণ ঠেকাতে সবাইকে নিজ বাড়িতে অবস্থান ও মসজিদের পরিবর্তে ঘরে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে সৌদি আরবের আল-আরাবিয়া এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আফ্রিকার একাডেমিক কর্তৃপক্ষ এক ‘ফতোয়া’ জারি করেছেন। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে এলে মসজিদগুলোর কার্যক্রম আবার স্বাভাবিক করা হবে। এছাড়াও এর আগে গত সোমবার (১৬ মার্চ) থেকে দেশটির রেস্টুরেন্ট, সিনেমা হল ও খেলার মাঠসহ সব বিনোদনের স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কো। এটি একমাত্র আফ্রিকান দেশÑ যা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। সাংবিধানিক রাজতন্ত্রের দেশটি আরব লিগ, ওআইসি, গ্রুপ অব-৭৭ ইত্যাদি জোটের সদস্য ও ন্যাটোর মিত্র দেশ। মরক্কো ১৯৫৬ সালে স্বাধীন হয়। দেশটির সংস্কৃতিতে আরব, আদিবাসী বারবার, সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপীয়দের প্রভাব রয়েছে। অর্থনৈতিক প্রগতি ও আধুনিকতার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে মরক্কো একটি মডেল। দেশটির রাজধানী রাবাত। সর্ববৃহৎ শহর কাসাব্লাংকা। মোট আয়তন সাত লাখ ১০ হাজার ৮৫০ বর্গকিমি।
