কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২০ মার্চ ২০২০, ১০:৩৫ এএম

হোম কোয়োরেন্টাইনে না থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সৌদি ফেরত এক যুবককে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

সৌদি ফেরত এই যুবককে গত ৯ মার্চ দেশে আসার পর ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হয়। কিন্তু নির্দেশ না মেনে তিনি বাড়ির বাইরে ও বাজারে ঘোরাফেরা করতেন বলে স্থানীয়রা অভিযোগ দেয়।

এ সময় একই এলাকার যুক্তরাষ্ট্র ফেরত অপর এক ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে সতর্ক করা হয়।

এদিকে করোনাভাইরাসের কারণে পরিস্থিতির অবনতি হলে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার জন্য সীতাকুণ্ডে দুটি বিদ্যালয় প্রস্তুত করা হচ্ছে বলে জানান মিল্টন রায়।

তিনি বলেন, ‘বিদ্যালয় দুটির মধ্যে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে হোস্টেল থাকায় সেখানে থাকার ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হবে না। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়কে থাকার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত