স্পেনে ফুটবলারদের মধ্যে ভ্যালেন্সিয়া সবচেয়ে বেশি আক্রান্ত। তারা জানিয়েছে দলের ৩৫ শতাংশ করোনা পজিটিভ। উৎস উদঘাটন করতে গিয়ে তারা দেখেছে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। এবার ইতালিও স্বীকার করল তাদের দেশে করোনা ছড়িয়েছে ওই ম্যাচ থেকেই। রোমের একটি ক্লিনিকের পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ফ্রান্সেসকো লে ফোচে এ তথ্য জানিয়েছেন।
ইতালির কোরিয়েরে দেল্লো স্পোর্ট দৈনিককে সম্প্রতি এক সাক্ষাৎকার দেন তিনি। ওই সাক্ষাৎকারের শুরুতেই তিনি উল্লেখ করেন ওই ম্যাচের দিন থেকেই প্রথমে শহরে এবং পরে পুরো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। লে ফোচে জানান, ‘চ্যাম্পিয়ন্স লিগে এটা আতালান্তার প্রথম মৌসুম। এই ইতিহাসই ধ্বংসের শুরুটা ডেকে এনেছে। সময় হিসাব করে আমরা যা দেখছি। ভ্যালেন্সিয়ার সঙ্গে ওই ম্যাচের পর এক মাসের মতো গত হয়েছে। স্টেডিয়ামে হাজারো মানুষের উল্লাস, একে অপরকে জড়িয়ে ধরা, উচ্চস্বরে চিৎকার করা এসব ক্ষতি ডেকেছে বেশি। আমরা যতদূর দেখছি। শহরের প্রায় সবাই ওই ম্যাচ দেখতে গিয়েছিল স্টেডিয়ামে। হতে পারে গায়ে জ্বর, হাঁচি-কাশি নিয়েও অনেকে গিয়েছে। আর ওইসব করার কারণে বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।’ উত্তর ইতালির লম্বার্দি অঞ্চলের বেরগামো শহরের ক্লাব আতালান্তা। যেখান থেকেই ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়েছে সবচেয়ে বেশি। ওই ম্যাচে আতালান্তা ৪-১ গোলে জিতেছিল।
