পাবনায় এক মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগ নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইয়াসিন প্রামানিকের বয়স ৫০।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মৃত রাজাই প্রামানিকের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ভজেন্দ্রপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন অসুস্থ হওয়ায় কিছুদিন ধরে আজান দিচ্ছিলেন এক বয়স্ক ব্যক্তি। তার উচ্চারণে কিছু ভুল থাকায় তাকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিতে বলেন ইয়াসিন প্রামানিকসহ স্থানীয়রা। কিন্তু মসজিদ কমিটির সভাপতি ইমান আলী মন্ডল নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে না বলে জানান।
এ নিয়ে শুক্রবার জুমা’র নামাজের পর ইমান আলী মন্ডলের সঙ্গে ইয়াসিন প্রামানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমান আলী মন্ডলের লোকজন ইয়াসিন প্রামানিককে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত তিনটার দিকে মারা যায় ইয়াসিন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রাজশাহী মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
