বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
জ্যাক মা লিখেছেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।
জ্যাক মা লিখেছেন, সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু তারা শেষ পর্যন্ত সেটি সম্পন্ন করবেন।
অনলাইন ভিত্তিক খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান চীন ভিত্তিক আলিবাবা। এর বাজার মূল্য এখন চল্লিশ হাজার কোটি ডলার।
