ভৈরবে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে আগুনে একজনের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২০, ১১:৪৩ এএম

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. ফিরোজ মোল্লার ছেলে।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা যান সাইফুল। একই ঘটনায় আহত দুজনের চিকিৎসা চলছে।

ভৈরব ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার বিকেলে ভৈরবের বঙ্গবন্ধু সরণির একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে মোটরসাইকেলের প্লাগ এর স্পার্কিং থেকে তেলের ট্যাংক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেরামত করা অবস্থায় মোটরসাইকেল থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। কিছু বোঝার আগেই সার্ভিসিং সেন্টারটিতে আগুন ধরে যায়। এ সময় সাইফুল (২৫), রাখাল (২৮) ও মো. হৃদয় (২৭) নামের তিনজন টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হয়।

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এরপর তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত