করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারী (৬১) মারা গেছেন।
রবিবার বেলা দেড়টার দিকে নগরীর মানিক পীর (রহ.) কবরস্থানে সরকারি ব্যবস্থাপনায় ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন হিসাবে মৃত্যুবরণকারীর দাফনের ব্যাপারে আইইডিসিআর এর দেওয়া নির্দেশনার আলোকে ওই নারীর দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
মারা যাওয়া ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তার মুখের লালা, রক্তসহ প্রয়োজনীয় নমুনা আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছে।
এদিকে ওই নারীর সংস্পর্শে আসা তার ৩ স্বজনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। বিকেলে তাদেরকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া নগরীর শামীমাবাদে ওই নারীর বাসায় এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের গ্রামের বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়ে ওই নারীর কাছাকাছি আসা আত্মীয়-স্বজনদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত শুক্রবার তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় এবং তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি গ্রামে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, যথাযথ নির্দেশনা মেনে চলে কঠোর নিরাপত্তায় ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে। দাফনকালে ওই নারীর একজন আত্মীয়, সিভিল সার্জন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, ওই নারীর ৩ স্বজনকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া পরিবারের অন্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে।
