করোনা: নাটকের শুটিং বন্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের আবেদন

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০১:০০ পিএম

করোনাভাইরাসের কারণে বন্ধ আছে সিনেমা-নাটকের শুটিং। এ কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বল্প আয়ের অভিনেতা ও কলাকুশলীরা। তাদের সাহায্যের উদ্যোগ নিয়েছে টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।

সভাপতি শহিদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিমের নামে প্রচারিত এক চিঠিতে এই আহ্বান জানায় অভিনয়শিল্পী সংঘ।

সেখানে লেখা হয়েছে, “প্রিয় অভিনয়শিল্পী, পৃথিবী জুড়ে করোনার ভয়াবহ থাবা বিকল করে দিয়েছে সকল স্বাভাবিক জীবন যাপন। থেমে গেছে অর্থনীতির চাকা। বন্ধ হয়ে গেছে আমাদের সকল শুটিং। লাইট ক্যামেরা অ্যাকশানের ধ্বনি আর অনুরণন তোলে না আমাদের শ্রবণে। কতদিনের জন্য তাও আমরা জানিনা। এই দুর্দিন কবে শেষ হবে কেউ বলতে পারিনা! এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের স্বল্প আয়ের যে অভিনেতারা আছেন তারা ও কলাকুশলীরা।”

আরও বলা হয়, “আমাদের যারা স্বচ্ছল ও সামর্থ্যবান শিল্পী আছেন তারা হয়তো এই দুর্যোগ সামলে নিতে পারবেন। কিন্তু যারা পারবেন না আমরা তাদেরকেও সাথে নিয়ে বাঁচতে চাই। আমাদের সকল স্বচ্ছল ও সামর্থ্যবান শিল্পীদের প্রতি আহ্বান আসুন আমরা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব অর্থ সহায়তায় এগিয়ে আসি।”

০১৭১২৫২৬৮৭৩, ০১৯১১৩৮১১৩৮ ও ০১৭১৩০৭৬৭৪২ নাম্বারে বিকাশ করে এই তহবিলে অংশ নেওয়া যাবে।

এই প্রসঙ্গে বলা হয়, “বিকাশ করে আপনার নাম ও টাকার অংক জানিয়ে দেবেন। অথবা যোগাযোগ করুন শামীমা ইসলাম তুষ্টি, লুৎফর রহমান জর্জ, আনিসুর রহমান মিলন, রওনক হাসান, বন্যা মির্জা, জাকিয়া বারী মম, নাদিয়া আহমেদ ও রাশেদ মামুন অপুর সাথে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত