করোনাভাইরাসে আতঙ্কে টিস্যু পেপার নিয়ে দুনিয়াব্যাপী টানাটানি পড়ে গেছে। মুহূর্তেই খালি হয়ে যাচ্ছে সুপার শপের টিস্যু পেপারের তাক।
এমন পরিস্থিতিতে টিস্যুর রোল দিয়েই জুয়া খেলায় মেতে উঠেছে কিছু মানুষ। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি লন্ডনের এলথাম টেরেস ক্লাবে এই ঘটনা ঘটে। সেখানে পোকার খেলায় মেতে ওঠেন কয়েকজন ব্যক্তি।
জানা যায়, পোকার খেলার জন্য কার্ড থাকলেও তাদের কাছে ছিল না গুটি। টয়লেট পেপারের রোলকেই গুটি হিসেবে ব্যবহার করছেন তারা।
‘দ্য পোকার পেজ’ নামে একটি ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। ৯০ লাখেরও বেশিবার সেই ভিডিওটি দেখা হয়।
এমন সংকটের মধ্যেও টিস্যু পেপারের এই ব্যবহার দেখে ক্ষুব্ধ হন নেটিজেনরা। কেউ বলেন, ‘বুঝলাম এত টয়লেট টিস্যু কোথায় যায়!’ আবার কেউ বলেন, ‘শুধু টিস্যু রোল দিয়ে খেললেই হবে না, সেখানে কারও মুখে মাস্ক এবং সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার নেই।’
এদিকে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৪০ জনে।
