মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে গতকাল শুক্রবার সাপের কামড়ে সোয়াদ মোল্যা (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কুকনা গ্রামের ভ্যানচালক সাজ্জাদ মোল্যার ছেলে। সোয়াদ মাগুরা শহরের পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সাপের গর্তকে পাখির গর্ত ভেবে সেখানে হাত ঢুকিয়ে নির্মম এ মৃত্যুর শিকার হয় সোয়াদ।
স্থানীয় আলমগীর হোসেনসহ অন্যরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি বাঁশবাগানের ভেতর সাপের গর্তকে পাখির বাসা মনে করে তার মধ্যে হাত দেয় সোয়াদ। এ সময় গর্তে থাকা বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। বাড়িতে এসে প্রথমে ভয়ে সে কাউকে কিছু না বলে কাঁদতে থাকে। পরে তার মা ঘটনা জানতে চাপাচাপি করলে সে জানায়, একটি গর্তে মাছরাঙা পাখি ধরতে গিয়ে পাখির ঠোঁকরে হাত কেটে গেছে। তখন তার মা হাত কাপড় দিয়ে বাঁধতে থাকে। এর একপর্যায়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে সোয়াদ। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে মারা যায় সোয়াদ।
