নভেল করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য হাইকমিশন। গতকাল শুক্রবার হাইকমিশন তাদের ফেইসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারে বিমানের ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্য ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।’
এদিকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশ ছাড়তে আগ্রহী সে দেশের নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছেড়ে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে। তবে এখন পর্যন্ত ফ্লাইটের দিন-ক্ষণ ঠিক হয়নি। তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে বলে ওয়েবসাইটের বার্তায় জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার আলাদা তিনটি ফ্লাইটে ভুটান ও মালয়েশিয়ার সাড়ে তিনশ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন।’
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন এ রোগে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫ জন।
