কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ছ্যুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহতরা ইয়াবাকারবারি। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বেশকিছু ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, শুক্রবার রাতে টেকনাফস্থ হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির সদস্যরা টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে ৪ থেকে ৫জন লোক নৌকা নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে আসার সময় বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময় বিজিবির তিন সদস্য আহত হয়। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক, দুটি বন্দুকের তাজা কার্তুজ, একটি খালি খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
একই সাথে অজ্ঞাতনামা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
