করোনার আতঙ্কে পুরো দেশ কার্যত লক ডাউনে। সবাই এখন ঘরে বসেই দিন কাটাচ্ছে। ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সব প্রকাশনা সংস্থাগুলোও। বই কেনা-বেচা বন্ধ থাকলেও পড়ুয়া মানুষদের কথা বিবেচনা করে প্রকাশনা সংস্থা আদর্শ পাঠকদের জন্য বিনা মূল্যে বই পড়ার সুযোগ করে দিচ্ছে। প্রকাশনা সংস্থাটি বইয়ের পিডিএফ ভার্সন অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে। ২৬ মার্চ থেকে চলছে তাদের এই কার্যক্রম।
সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ঘোষণায় জানায়, ‘দেশে-বিদেশে আপনারা যারা করোনার সংক্রমণ ঠেকাতে বাসায় অবস্থান করছেন— খাদ্য, সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এ মুহূর্তে আপনাদের সবচেয়ে বেশি দরকার বই পড়া। কেননা, করোনা পরবর্তী সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করার জন্য বই পড়ার বিকল্প নেই। অসংখ্য মানুষ আদর্শ’র বই সংগ্রহের উপায় জানতে চেয়ে আমাদের সঙ্গে, আমাদের লেখকদের সঙ্গে যোগাযোগ করছেন। মহামারির এ সময়ে বিনা মূল্যে বই পড়তে দিয়ে আদর্শ আপনার পাশে থাকতে চায়। আমরা প্রত্যাশা করি, দুর্যোগের এ দিনগুলোতে আমাদের যার যেটুকু সুযোগ-সামর্থ্য আছে তা নিয়ে অন্যের পাশে দাঁড়িয়ে আমরা মানুষের সংহতিকে আরও সুদৃঢ় করব।’
প্রকাশনা সংস্থাটির ফেসবুক পেইজে কমেন্টে করে প্রয়োজনীয় বইটির নাম বললে তারা লেখকদের অনুমতিক্রমে বইয়ের পিডিএফ কপি উন্মুক্ত করে দেব। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি অনুরোধ জানিয়েছে, সামর্থ্য থাকলে পরবর্তী সময় বইগুলো যেন কিনে নেওয়া হয়, তবে সেটা বাধ্যতামূলক নয়।
