সারা দেশ যখন করোনাভাইরাসের কবলে আতঙ্কগ্রস্ত তখন সাধারণ মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন ঢালিউড তারকারা। কেউ মাস্ক বিতরণ করছেন তো কেউ খাবার দিচ্ছেন। আবার চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের মাঝেও কেউ কেউ সহায়তা করছেন।
এদিকে করোনা আক্রান্তদের সহযোগিতা করতে চলচ্চিত্রের নয়জন তারকা মিলে ‘টিম ইয়াং স্টার’ দল গঠন করেন। দলটি গতকাল স্বল্প আয়ের মানুষদের খাবার, মাস্ক, গ্লাভস বিতরণ করেছে। বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানীর আফতাবনগর, রামপুরা ব্রিজ এলাকায় প্রায় দুই শ’ প্যাকেট খাবারসহ মাস্ক ও গ্লাভস বিতরণ করে দলটি। খাবারের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও লবণ।
এই দলে কাজ করছেন চলচ্চিত্রশিল্পী জয় চৌধুরী, আঁচল আঁখি, বিপাশা কবির, রুমানা নীড়, নাদিম, শিপন মিত্র, সানজু জন, কাজী জারা ও শিরিন শিলা।
জয় চৌধুরী বলেন, ‘আমরা নিজেদের টাকা দিয়ে এই কাজ করছি। মানবিক জায়গা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। একদিনেই সীমাবদ্ধ না রেখে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।’
