খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরায় সড়ক দূর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- থানার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ও এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
ওসি আরও জানান, মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটার দিকে আসছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ওষুধবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্র গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।
ওসি মুর্শেদ বলেন, গাড়ী দুটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাসটির চালককে আটক করা সম্ভব হয়নি।
