করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছে ৫ জন, আক্রান্তের সংখ্যা ৪৯ জন। ইতিমধ্যেই সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পর্যাপ্ত পিপিই-এর অভাবে চিকিৎসকেরা রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছেন না। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩ লক্ষাধিক ‘পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। যা করেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
এবার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সেলিব্রেটি প্রোডাকশন-পিপিই নিয়ে এগিয়ে এলো ডাক্তারদের পাশে। প্রতিষ্ঠানটি ৩০ হাজার পিপিই প্রদানের কথা ঘোষণা করেছে।
নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পিপিই বানানোর কাজ শুরু করেছেন ওই প্রযোজক। প্রযোজনা সংস্থার পক্ষে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ইতিমধ্যেই পিপিই বিতরণ করা শুরু হয়েছে। সেই সঙ্গে দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।
প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, ‘আমাদের ‘নবাব এলএলবি’ সিনেমার বাজেটের প্রায় পুরোটাই এ কাজে ব্যয় হয়ে যাবে। ইতিমধ্যে কাপড় কেনা হয়ে গেছে। আমরা আশা করছি যে পরিমাণ কাপড় কেনা হয়েছে তাতে ৩০ হাজার পিপিই বানানো সম্ভব হবে। প্রতিদিনই প্রোডাকশন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। এর ভেতর পুলিশ, ডাক্তারসহ অন্যান্য জরুরি সংস্থা তাদের বিনা মূল্যে দিচ্ছি। এর সংখ্যা ২০ হাজার হবে। বাকিগুলোও নামমাত্র মূল্যে দিচ্ছি। এ কাজটি আমরা করছি সম্পূর্ণ নৈতিক ও মানবিকতার জায়গা থেকে। দেশের এ দুর্যোগ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসা উচিত।’
সেলিব্রেটি প্রোডাকশন থেকে এখন পর্যন্ত নির্মিত হয়েছে অনন্য মামুনের পরিচালনায় ‘মেকআপ’ ও ‘সাইকো’। নির্মাণাধীন রয়েছে রায়হান রাফির পরিচালনায় ‘স্বপ্ন বাজী’। আসন্ন ঈদের জন্য নির্মাণের কথা ‘নবাব এল এল বি’। অনন্য মামুনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করবেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। গত ২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা ছিলো। করোনাভাইরাসের কারণে দেশে-বিদেশের সবকিছু লকডাউন। এ পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করে প্রতিষ্ঠানটি ‘নবাব এলএলবি’ সিনেমার বাজেটের টাকা মানুষের সহায়তায় ব্যয় করছেন।
