করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান ‘লকডাউন’ পরিস্থিতিতে যান চলাচল বন্ধ থাকায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার মাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা-পুলিশ।
রবিবার রাত ১২টার দিকে বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার ওই অন্তঃসত্ত্বা নারীর বৃদ্ধ মায়ের ডাকে সাড়া তাকে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন জানান, রাতে কোনো ধরনের যানবাহন না পেয়ে থানায় ফোন করেন অন্তঃসত্ত্বা নারীর মা। ফোনে তিনি মেয়েকে হাসপাতালে পৌঁছে দিতে পুলিশের সাহায্য চান।
তিনি আরও বলেন, ফোন করার কিছুক্ষণে মধ্যেই পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছে যায় এবং অন্তঃসত্ত্বা নারী ও তার মাকে পুলিশ ভ্যানে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়।
