দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল উইম্বলডন

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৯:৪৭ পিএম

করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল টেনিসের অন্যতম গ্র্যান্ড স্লাম আসর উইম্বলডন প্রতিযোগিতা। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথমবার উইম্বলডন বাতিলের ঘটনা ঘটল।

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, এ বছর পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে উইম্বলডন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। গ্রাস কোর্টের এই প্রতিযোগিতা বাতিলের সঙ্গে ১৩ জুলাই পর্যন্ত পুরো বিশ্বেই সব ধরনের পেশাদার টেনিস প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।

এর আগে করোনার কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিকের আসর। এ বছর টোকিওতে অলিম্পিক হওয়ার কথা থাকলেও সেটি হবে ২০২১ সালে। এ ছাড়া ফুটবলে ইউরো ২০২০ ও কোপা আমেরিকা ২০২০-ও পিছিয়ে গেছে এক বছরের জন্য।

করোনার কারণে আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ওপেন। মে-তে এই আসর হওয়ার কথা থাকলেও তা চার মাস পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী যা ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হওয়ার কথা। তবে বিশ্ব জুড়ে যে পরিস্থিতি তাতে ফ্রেঞ্চ ওপেন নিয়েও শঙ্কা থাকছেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত