এই সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার ভার্জিল ফন ডিইক। লিভারপুরের ডাচ তারকা গত বছর লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে জিতে নেন ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। শুধু প্রতিপক্ষের আক্রমণ রুখাই নয়, এই সেন্টার ব্যাকের নিচ থেকে খেলা তৈরি করাতেও জুরি মেলা ভার।
তা ডিইককে এখন পর্যন্ত কোন ফুটবলার সবচেয়ে বেশি ভুগিয়েছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ডিইক। যার উত্তরও দিয়েছেন তিনি।
দুজন ফুটবলারের নাম বলেছেন ডিইক। একজন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অন্যজন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
ক্যারিয়ারে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ কে ছিল? টুইটারে ভক্তদের এমন প্রশ্নের উত্তরে ডিইক বলেন, ‘বেশ কিছু কঠিন স্ট্রাইকারই রয়েছেন, তবে খুব সম্ভবত লিওনেল মেসি।’
আরেকটি প্রশ্ন করা হয়েছিল ডিইককে। কাকে মার্ক করা তার জন্য সবচেয়ে কঠিন ছিল? যার উত্তরে এক কথায় ডিইক বলে দেন আগুয়েরোর নাম।
