করোনাভাইরাসে থমকে গেছে গোটা দেশ। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। এ অবস্থায় ২৬ মার্চ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুস্থ-অসহায় এই মানুষগুলোর জন্য বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। প্রতিদিন প্রায় আড়াইশ থেকে তিনশ মানুষকে দুপুরের খাবারের ব্যবস্থা করছে বাফুফে।
মুটে-মজুর, গৃহহীন, শ্রমিক, রিকশাওয়ালা, সবজি বিক্রেতাদের পাশে বাফুফের এভাবে দাঁড়ানোয় অভিভূত প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এক টুইট বার্তায় বাফুফে ভবনের সামনের রাস্তায় হুইল চেয়ারে করে এক বৃদ্ধার খাবার নিয়ে ফেরার ছবি পোস্ট করে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘গর্ববোধ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে, যারা এককভাবে খাদ্য সহায়তা দিচ্ছে অসহায় মানুষ এবং যাদের এই শাটডাউনের মধ্যেও কাজের খোঁজে বাড়ির বাইরে আসতে হচ্ছে। একসঙ্গে আমরা করোনাভাইরাসকে হারিয়ে দেব।’
এদিকে বাফুফের এই নিয়মিত উদ্যোগে শরিক হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। গতকাল ৩০০ অসহায়ের মানুষের মাঝে বিতরণ করা খাবারের খরচ বহন করেছেন এই কোচ। এর আগের দিন এক ভিডিও বার্তায় জেমি ডে বলেন, ‘একটা খুব বাজে সময় আমরা কাটাচ্ছি করোনাভাইরাসের আক্রমণে। এ অবস্থায় বাংলাদেশের অনেক মানুষ খাবারের কষ্টে ভুগছে। বাফুফে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে কিছু মানুষকে দুপুরের খাবার সরবরাহ করার মাধ্যমে। আমিও আগামীকাল (গতকাল) এই অসহায় মানুষের দুপুরের খাবারের খরচ বহন করে এই মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করব, যাতে কোনো না কোনোভাবে তাদের পাশে দাঁড়াতে পারি। একই সঙ্গে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের বলব এরকম উগ্যোগে এগিয়ে আসতে।’
