করোনাভাইরাসের খবর জানানো লিকে ‘শহীদ’ ঘোষণা করল চীন

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১০:০৭ পিএম

করোনাভাইরাসের খবর বিশ্বকে জানিয়ে পরিচিতি পাওয়া উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াংকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করেছে চীন। 

করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারানো ১৪ চিকিৎসকের সঙ্গে তাকে শহীদ আখ্যা দেওয়া হয়। 

বিবিসির খবরে বলা হয়, গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়ানোর প্রাথমিক পর্যায়ে নিজের সহকর্মীদের এ সম্পর্কে সতর্ক করেছিলেন ওয়েনলিয়াং। উহানের স্থানীয় সরকার সে সময় ভাইরাসটি নিয়ে তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। ভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ না করতে চিকিৎসকদের ওপর নির্দেশ ছিল। লি সে নির্দেশ অমান্য করে ব্যক্তিগত এক চ্যাট গ্রুপে সহকর্মীদের সতর্ক করেছিলেন। এ জন্য পুলিশি জেরার সম্মুখীন হয়েছিলেন। তাকে দিতে হয়েছিল জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিও।

তবে পরবর্তীতে এ খবর প্রকাশ পেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। অনেকে তাকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেন।

করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মারা গেছেন ১৪ স্বাস্থ্যকর্মীও। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, চীন সরকার তাদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েনলিয়াংয়ের নামও।

ওয়েনলিয়াং পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ধারণা করা হয়, এক করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়েই তার শরীরে ভাইরাসটির সংক্রমণ হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত