করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনার পরেও ফরিদপুরে থেমে নেই হাটবাজারের কর্মকাণ্ড জেলার শহর ও উপজেলার ছোট-বড় সাপ্তাহিক হাটবাজারগুলো চলছে সমানতালে। ক্রেতা- বিক্রেতার ইচ্ছা-খুশিমতো বিচরণ করছে বাজারগুলো।
গতকাল শুক্রবার বেলা ১১টার সময় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে গিয়ে দেখা যায়, শত শত মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার বা স্থানীয় প্রশাসনের করোনাভাইরাসের সতর্কতা জারির পরেও কেউ থেমে নেই।
বাজারের ব্যবসায়ী হাফিজ উদ্দিন জানান, এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহস্থরা তাদের পণ্য বিক্রি করতে আসেন। প্রান্তিক কৃষক কী করবেন? সংসার তো চালাতে হবে। না এসে উপায় কী।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত এ বিষয়ে বলেন, গ্রামে গ্রামে মাইকিং করেছি। পুলিশ প্রশাসন বিভিন্ন হাটবাজারে মাইকিং করছে। কীভাবে নিয়ন্ত্রণ করব। প্রান্তিক চাষিরা কিছু দিন ঘরে থাকলেও জীবিকার তাগিয়ে তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে ছুটে আসেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই করোনার ভয়াবহতা বিষয়ে জনসাধারণকে অবহিত করা হচ্ছে। চলছে নিয়মিত মাইকিং। সবাই এগিয়ে না এলে শুধু পুলিশ দিয়ে সমাধান সম্ভব নয়।
