সিলেটে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রবিবার আইইডিসিআর থেকে যে নতুন ১৮ রোগী শনাক্তের তথ্য দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সিলেটের ওই রোগীও। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া ওই ব্যক্তির বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায়। তিনি বাসায়ই রয়েছেন এবং তার বাসা লকডাউন করেছে প্রশাসন।
রবিবার রাতে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া সিলেটের ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। করোনা উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার বাসাকে লকডাউন করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
