নায়ক হওয়ার আগে পরিচালনায় হোঁচট খান আমির খান

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১০:০৭ এএম

ফিল্মি পরিবারের সন্তান আমির খান। বাবা তাহের হুসেন ছিলেন প্রযোজক, চাচা নাসির হুসেন পরিচালক। তারও ইচ্ছা ছিল পরিচালনার। সে হিসেবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শুরুতেই হোঁচট খান। অল্পের জন্য হাতছাড়া হয় আইকনিক ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র সহ-পরিচালকের কাজ।

আনন্দবাজার পত্রিকা জানায়, শেখর কাপুর যখন অনিল কাপুর ও শ্রীদেবীকে নিয়ে ‘মিস্টার ইন্ডিয়া’ বানানোর কথা ঘোষণা করেন, আমির খান নিজে থেকেই সহ-পরিচালকের কাজের ইচ্ছার কথা জানান প্রযোজক বনি কাপুরকে।

একে তো বড় বাজেটের ছবি, আছেন শ্রীদেবীর মতো অভিনেত্রী। এই সুযোগ ছাড়া যায়? সব ঠিক হয়ে গিয়েছিল। রাজি হয়ে গিয়েছিলেন বনি কাপুরও। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়ে যান মিস্টার পারফেকশনিস্ট।

আমিরের বাদ পড়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেন  অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক।

জানা যায়, ‘মিস্টার ইন্ডিয়া’র আরেক সহ-পরিচালক ছিলেন সতীশ। উল্লেখযোগ্য চরিত্রেও অভিনয় করছিলেন। সতীশ ভাবেন যেহেতু আমিরের পরিবারের অধিকাংশই সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তাই সব বিষয়ে তার অনেক দাবি থাকবে।রোজই নতুন নতুন আবদার নিয়ে হাজির হবেন।

সে সময় সতীশের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বনির। তাই কাছের বন্ধুর পরামর্শে তিনিও আমিরকে বাদ দিতে রাজি হয়ে যান। সপ্নভঙ্গ হয় আমিরের। অবশ্য তাতে আমিরের বিশেষ ক্ষতি হয়নি। এখন অভিনেতা হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। এ ছাড়া আমির পরিচালিত একমাত্র সিনেমা ‘তারে জমিন পার’ দর্শক-সমালোচকের খুবই আপন। প্রযোজক হিসেবেও তার ঝুলিতে আছে বলিউডে সফল কয়েকটি সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত