ডেভিড ওয়ার্নার কোয়ারেন্টাইন পার্টনার হিসেবে সবচেয়ে বাজে! কথাটি বলছেন অস্ট্রেলিয়া দলেই তার সতীর্থ প্যাট কামিন্স।
করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের খেলোয়াড়দের মতো অস্ট্রেলিয়ার খেলোয়াড়দেরও বন্দী সময় কাটছে। ডেভিড ওয়ার্নার পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। দুদিন আগে যেমন ঘরেই পালন করেছেন বিবাহবার্ষিকী।
এর মধ্যে কামিন্সের এমন বলার কারণ? তেমন কিছু নয়। ফক্স স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় কামিন্সকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে যেতে হয়, তবে পার্টনার হিসেবে কাকে চান?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই নিজের পছন্দ, অপছন্দ দুই-ই জানিয়ে দিয়েছেন কামিন্স। মজার সুরেই কামিন্স বলেন, ‘কোয়ারেন্টাইনে গেলে হয়তো ওয়ার্নারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু ওর এনার্জি অফুরন্ত। ও ঘুমোয় বলে আমার মনেই হয় না। ও হল এনার্জিতে ঠাসা একটা বল, নন-স্টপ...।’ আর তাই ওয়ার্নারকে এ ক্ষেত্রে সঙ্গী হিসেবে চান না তিনি।
তাহলে কাকে চান? কামিন্স বলেছেন জশ হ্যাজেলউডের নাম, ‘ও হলো খুব ঠান্ডা একজন চরিত্র। ওকে একটা বিয়ার দাও, সাদামাটা খাওয়ার দাও, তাতেই খুশি হবে। তাই সঙ্গী হিসেবে চাইব ওকেই।’
