মাস্ক ছাড়া ও সামাজিক দূরত্ব না মেনে অপ্রয়োজনে বাইরে আড্ডা দেওয়ার অপরাধে লালমনিরহাটে পৃথক অভিযানে ৯৩ ব্যক্তিকে ৭৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণরোধে জারি করা গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা হয়।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান জানান, জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, একই সঙ্গে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
