করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। সোমবার সকাল ১১ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া ফেরত যুবকটি বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে, তার শ্বাসকষ্ট কম আছে।
তিনি বলেন, রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইসিডিআরে পাঠানো হবে।
এদিকে, সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরও নতুন ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত ৩ হাজার ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেয়া হয়েছে আরও ১ হাজার ৩০ জনকে।
