বাগেরহাটে বাড়িতে কেউ না থাকার সুযোগে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে স্থানীয় হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত হাফিজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
অভিযোগ ওঠা হাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের নওয়াব আলী শেখের ছেলে।
কিশোরীর মার অভিযোগ, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাকপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে স্বামী-স্ত্রী কাজের সন্ধানে বাইরে যান। এই সুযোগে হাফিজুর তাদের বাড়িতে এসে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। দুপুরে তারা বাড়িতে আসলে মেয়েটি ইশারায় ধর্ষণের ঘটনা বর্ণনা করে।
তিনি বলেন, হাফিজ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মেয়ে জানিয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মামলা নিয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
