মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার ৫টি ইউনিয়নের ১০টি গ্রামের প্রবেশপথ বন্ধ করে স্বেচ্ছায় লকডাউন করেছেন গ্রামবাসীরা।
গ্রামগুলো হল- উপজেলার শমশেরনগর ইউপির শিংরাউলী, মাধবপুর ইউপির মাঝেরগাঁও, শিমুলতলা, আদমপুর ইউপির হোমেরজান, তেতইগাঁও, ঘোড়ামারা, সদর ইউপির পশ্চিম কান্দিগাঁও, বনগাঁও, আলীনগর ইউপির উত্তর তিলকপুর, কামদপুর ্ও গকুলনগর গ্রাম।
শমশেরনগর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. সাজ্জাদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, তাদের শিংরাউলী গ্রামের রাস্তা ব্যবহার করে অবাধে ট্রাক ইট, বালু ও মাটি পরিবহন করছে একটি চক্র।
এ গ্রামে বহিরাগতদের আনাগোনা রয়েছে। গ্রামবাসীদের সুরক্ষার চিন্তায় গ্রামের ছাত্র, যুবক ও তরুণরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে গ্রামের প্রবেশ পথে বাঁশ পুঁতে ব্যারিকেড দিয়েছে।
বহিরাগতদের এ সময়ে গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে গ্রামের মানুষজন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বা জরুরি প্রয়োজনে বাইরে গেলে হাত মুখ ধুয়ে বাইরে যাচ্ছেন আবার হাত-মুখ ধুয়ে প্রবেশ করছেন।
আরও কয়েকটি স্বেচ্ছায় লকডাউন করা গ্রামের বাসিন্দারা দেশ রূপান্তরকে জানান, করোনাভাইরাসের আতঙ্কে তারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। বহিরাগতদের তাদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গ্রামবাসীদের সুরক্ষার জন্য স্বেচ্ছায় লকডাউন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ১০টি গ্রাম স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার সত্যতা তিনি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, গ্রামবাসীরা তাদের সুরক্ষার জন্যই নিজেরা এ উদ্যোগ গ্রহণ করেছে।
