দরিদ্রদের জন্য সহায়তা কর্মসূচি চায় সানেম

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:৪৩ পিএম

করোনাভাইরাসের কারণে দরিদ্র, অতিদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে অসহায় হয়ে পড়া মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো এবং নতুন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রণয়ন প্রয়োজন বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

গতকাল সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতে। অথচ প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজে অনানুষ্ঠানিক খাত নিয়ে কোনো কথা নেই। অভিজ্ঞতা বলে, বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনেক ফাঁকফোকর আছে, যা এসব কর্মসূচির উদ্দেশ্য পূরণ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত করে। তাই সামাজিক নিরাপত্তা খাতে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকট কাটাতে সরকারের আর্থিক প্রণোদনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ প্রয়োজন, যেটা ঘোষিত আর্থিক প্রণোদনায় উল্লেখ নেই। এই মুহূর্তে কম গুরুত্বপূর্ণ সরকারি খরচ কমিয়ে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানো প্রয়োজন।

ঘোষিত আর্থিক প্যাকেজে অর্থের কার্যকরী সংকুলান করার ক্ষেত্রে কর-ব্যবস্থাপনা এবং ব্যাংক খাতের কিছু অতি প্রয়োজনীয় এবং অতি দ্রুত সংস্কার করা দরকার। এই দুটি খাতে সংস্কারবিরোধী কায়েমী গোষ্ঠীর স্বার্থের বিপরীতে ব্যবস্থা নেওয়ার সময় এখনই।

সেলিম রায়হান বলেন, ‘খেয়াল রাখতে হবে যাতে এই আর্থিক প্যাকেজের সুবিধা কিছু প্রভাবশালী খাত এবং গোষ্ঠীর হাতে জিম্মি না হয়। এই ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন এবং এই নীতিমালা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত