করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগসহ বন্ধ বিশ্বের প্রায় সব খেলাধুলা। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ কমে এলেই মৌসুমের বাকি ম্যাচগুলো অনুষ্ঠান নিয়ে মুখিয়ে লিগগুলোর কর্তৃপক্ষ।
বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ লা লিগা মাঠে গড়ানোর সম্ভাব্য কয়েকটি তারিখও এরই মধ্যে বলে দিয়েছেন লিগ সভাপতি হাভিয়ের তেবাস।
তিনি জানিয়েছেন, মে মাসের শেষ দিকে শুরু হতে পারে লা লিগার চলতির মৌসুমের বাকিটা। মৌসুমের বাকি ম্যাচগুলো না হলে প্রায় ৮৮ কোটি ইউরো ক্ষতি হতে পারে স্পেনের শীর্ষ লিগের। ফের লা লিগা শুরু করার তিনটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন তেবাস- ২৮ মে, ৬ জুন বা ২৮ জুন।
এ ব্যাপারে ইউরোপের অন্যান্য লিগ ও ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার সঙ্গে যোগাযোগ করেই সম্ভাব্য তারিখগুলো ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন লা লিগা সভাপতি।
তেবাস জানিয়েছেন, ২৮ মে লা লিগা ও অন্যান্য লিগগুলো শুরু হলে জুলাইয়ের দিকে উয়েফার প্রতিযোগিতাগুলো মাঠে গড়াতে পারে। লিগগুলো যদি ৬ জুন শুরু হয় তাহলে উয়েফার প্রতিযোগিতাগুলো শুরু হতে পারে জুলাইয়ের শেষ দিকে।
আর লিগগুলো ২৮ জুন শুরু হলে উয়েফার প্রতিযোগিতাগুলো শুরু হতে পারে আগস্টে।
