লকডাউনে জনশূন্য শহরে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের বাঘ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৬:১১ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে চিলি সরকার। এতে জনশূন্য হয়ে পড়েছে রাজধানী সান্তিয়াগোর রাস্তাঘাট। সেখানে এখন ঘুরে বেড়াচ্ছে বাঘ।

বিবিসি জানায়,  শহর এতটাই জনশূন্য হয়ে পড়েছে যে জঙ্গল থেকে আসা বাঘ ঘুরে বেড়াচ্ছে সান্তিয়াগোতে।

এ রকম একটি কুগার জাতের বাঘ আটক করে চিড়িয়াখানায় নিয়ে গেছে কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগেও ৬০ লাখ বাসিন্দার আবাস শহরটির জনশূন্য রাস্তা থেকে দুটি কুগার বাঘ ধরা হয়েছিল।

দেশটির গবাদিপশু ও কৃষি বিভাগের কর্মকর্তা হোরেসিও বোর্কেস বলেন, ‘শহরটি যে নীরব হয়ে পড়ছে এটা বন্য প্রাণীরা টের পাচ্ছে। তাই তারা খাবার এবং নতুন বাসস্থানের খোঁজে শহরাঞ্চলে এসে পড়েছে।’

বিশেষজ্ঞরা বলছেন, সান্তিয়াগোর আশপাশের পাহাড়ে এখন তীব্র খরা চলছে। ফলে এই বাঘেরা তাদের খাবারের সন্ধানে আরও দূর এলাকায় ছড়িয়ে পড়ছে।

এদিকে চিলিতে  করোনাভাইরাসে ৫ হাজার ১১৬ মানুষ আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ৪৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত