সিরাজগঞ্জের তাড়াশে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পোশাক শ্রমিক জিহাদুল ইসলাম জিহাদের (১৮) নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রশাসন নিশ্চিত হয়েছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
জিহাদুল উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান,গত ১ এপ্রিল পোশাক শ্রমিক জিহাদ জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন। বাড়িতে এসে তার প্রচণ্ড গলাব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।
৬ এপ্রিল দুপুরে স্বজনরা প্রথমে তাকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা না দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি জানার পর তাড়াশ উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করে দেয়।
এ রিপোর্ট হাতে পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। তবে সবাইকে বাড়িতেই অবস্থান নিয়ে থাকতে বলা হয়েছে।
