করোনা রুখতে ২৫ কোটি রুপি দিল শ্রীলঙ্কা ক্রিকেট

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০১:৩৩ পিএম

শ্রীলঙ্কায় করোনাভাইরাস মোকাবিলায় প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড- শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শুক্রবার কভিড-১৯ হেলথকেয়ার ও সামাজিক সুরক্ষা ফান্ডের জন্য ২৫ কোটি শ্রীলঙ্কান রুপি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের হাতে তুলে দেয় এসএলসি।

টুইট করে করোনা মোকাবিলায় এই সহায়তা দেওয়ার খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, “ঘোষণা অনুযায়ী কভিড-১৯ হেলথকেয়ার ও সামাজিক সুরক্ষা ফান্ডে ২৫ কোটি লঙ্কান রুপি শ্রীলঙ্কা ক্রিকেট হস্তান্তর করেছে। প্রেসিডেন্ট গোতাবায়ার অফিসে তার কাছে এই অনুদান হস্তান্তর করেন এসএলসি সভাপতি শামি সিলভা।”

অনুদান হস্তান্তরের সময় এসএলসি সভাপতির শামি সিলভার সঙ্গে ছিলেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার শিক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়ন বিষয়ক মন্ত্রী দুলাস আলাহাপেরুমা।

করোনার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুইশো ছুঁই ছুঁই; মৃতের সংখ্যা সাতজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত