‘আপনার মানবিক সহযোগিতায় চলবে এই দোকান’— এই শ্লোগান নিয়ে চালু হলো ১০ টাকার সদাই কার্যক্রম। করোনাভাইরাসের প্রকোপে উপার্জন হারানো হতদরিদ্র পরিবারগুলোকে সাহায্য করতে মাগুরার মহম্মদপুরের একদল যুবকের এই প্রয়াস।
১০ টাকার সদাইয়ে থাকছে এক কেজি চাল, এক কেজি আলু, এক হালি ডিম, ২শ’ গ্রাম ডাল, ২শ’ গ্রাম করে পেঁয়াজ ও রসুন।
বৃহস্পতিবার শুরু হয়েছে এ কার্যক্রম। প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে দেওয়া হচ্ছে এ খাদ্য সামগ্রী।
স্বল্প আয়ের অসহায়দের বেছে নিয়ে কার্ড করে দিচ্ছেন যুবকরা। কার্ড দেওয়ার সময়ই তাদের বলে দেওয়া হচ্ছে কোথা থেকে পাওয়া যাবে সদাই।
নাম প্রকাশে অনিচ্ছুক ১০ টাকার সদাইয়ের সমন্বয়ক বলেন, “আমাদের উদ্দেশ্য করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকা। আমরা কারা এর সঙ্গে আছি সেটি প্রকাশ করার ইচ্ছা নেই। তবে যে কেউ স্বেচ্ছায় আমাদের সহযোগী হতে পারেন।”
সবার সহযোগিতা পেলে পরবর্তী সময়ে ১০ টাকার সদাইয়ে চালের পরিমাণ বাড়ানোর আশা প্রকাশ তিনি।
